রাজনীতি

বিদেশে বসে এআই ভিডিও বানিয়ে সরকার পতন সম্ভব নয়: প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

বিদেশে বসে এআই ভিডিও বানিয়ে সরকার পতন সম্ভব নয়: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভিডিও তৈরি করে বাংলাদেশে সরকার পতন ঘটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর ধলই কাটিরহাট বাজারে ‘পতিত স্বৈরাচার’ ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি এবং দরিদ্র পরিবারের তরুণদের ব্যবহার করে মিছিলের ভিডিও ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, যারা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, তারা নিজেদের কর্মী-সমর্থকদের বিপদে ফেলে না রেখে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। নিজেদের নির্দোষ মনে করলে দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হাটহাজারীতে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা চান না তিনি। দরিদ্র পরিবারের কোনো সন্তান যেন অযথা হয়রানির শিকার না হয়, সেটিও তিনি চান না। এ কারণে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ ও ওঠাবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহযোগিতা করার কথাও বলেন প্রতিমন্ত্রী।

মীর হেলাল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বক্তব্যের সঙ্গে ১৯৭১ সালে পরাজিত শক্তির বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে। কেউ বলছে ডিসেম্বরে দেশে ফিরবে, আবার কেউ বলছে ডিসেম্বরে সরকার চলে যাবে—এ ধরনের বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সরকার ও সংসদ সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সংসদ সদস্যরা কোনো ‘আমি-ডামি’ বা রাতের ভোটে নির্বাচিত হননি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে থেকে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন বলে দাবি করেন তিনি। জনগণের কাতারেই থেকে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

দেশের অর্থনীতি প্রসঙ্গে মীর হেলাল বলেন, তারেক রহমানের নেতৃত্বে অর্থনীতি স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং অর্থনীতিকে আবারও চাঙা করার চেষ্টা চলছে। তার দাবি, দেশে বৈদেশিক বিনিয়োগ আসছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে। তবে এ অবস্থায় একটি পক্ষ দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন নিষিদ্ধ সংগঠন ভোররাতে দরিদ্র পরিবারের তরুণদের ব্যবহার করে মিছিলের ভিডিও তৈরি করছে। বিদেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে দেশের দরিদ্র পরিবারের সন্তানদের জীবন ঝুঁকির মধ্যে না ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি বহুমতের আদর্শ ও স্বাধীন মতপ্রকাশে বিশ্বাস করে। তবে জনগণের জীবন বিপন্ন করা বা দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তা মোকাবিলায় বিএনপি প্রস্তুত।

হাটহাজারীতে ৫ আগস্টের পর কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা হামলা চালানো হয়নি দাবি করে তিনি বলেন, এটি বিএনপির রাজনৈতিক উদারতা ও দর্শনের প্রতিফলন। তবে কেউ দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

সবশেষে মীর হেলাল বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং ২০২৪ সালের পরাজিত শক্তি একত্রিত হয়ে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে। জনগণ তাদের পাঁচ বছরের জন্য দেশের সেবা করার সুযোগ দিয়েছে। এই মেয়াদ শেষে জনগণই সিদ্ধান্ত নেবে তারা ক্ষমতায় থাকবে কি না।