রাজনীতি

বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের আর দলে জায়গা হবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের আর দলে জায়গা হবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের ভবিষ্যতে দলে আর ঠাঁই দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতে ইসলামীর দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। এর মাধ্যমে তাদের ‘রাজাকারের তকমা’ দূর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জামায়াত এখন সেই বিষয়গুলো ভুলে গেছে বলে মন্তব্য করেন তিনি।

এলজিআরডি প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। অথচ সরকার গঠনের ছয় মাস না যেতেই তারা লংমার্চ করে সরকার পতনের হুমকি দিচ্ছে। বিএনপি কারও হুমকিকে পরোয়া করে না বলেও মন্তব্য করেন তিনি।

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে মীর শাহে আলম দলের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

বিএনপির সঙ্গে যারা গত নির্বাচনে বেঈমানি করেছেন, তাদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব নেতার আর দলে জায়গা হবে না। একই সঙ্গে দলের দুঃসময়ে যারা নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন, তারা দলের পক্ষ থেকে বৈধভাবে প্রাপ্য সবকিছু পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, গত জুলাইয়ে ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় বাঁশখালী উপজেলায় প্রায় ১২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে বাঁশখালীর ৫১০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণের জন্য ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।