সারাদেশ
শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, সাপটি সুস্থ থাকলে পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে বনে ছেড়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গলের হাইল হাওরের উকুলবেড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য বিলে জাল পেতে রাখলে একপর্যায়ে একটি অজগর ওই জালে পেঁচিয়ে আটকা পড়ে। বিশাল আকৃতির সাপটি দেখতে পেয়ে আশপাশের জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রুমন মিয়া হাওরের বিলে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিলেন। পরে জালে অজগরটি আটকা পড়েছে দেখতে পেয়ে তিনি বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান। পরে তাহের আলী সব্দর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীদের বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর এবং নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় অজগরটি উদ্ধারের কাজ শুরু হয়।
উদ্ধারকারীরা জানান, অজগরটি জালের মধ্যে শক্তভাবে পেঁচিয়ে থাকায় সেটিকে নিরাপদে বের করতে বেশ বেগ পেতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় জাল কেটে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে মাছ ধরার জাল কেটে অজগরটিকে উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগরটি বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটি সুস্থ থাকলে পরবর্তীতে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে বনে ছেড়ে দেওয়া হবে।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা বলছেন, হাওর ও বনাঞ্চলসংলগ্ন এলাকায় মাছ ধরার জাল পাতা হলে অনেক সময় বিভিন্ন বন্যপ্রাণী অনিচ্ছাকৃতভাবে এতে আটকা পড়ে। এ ধরনের ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত।