জাতীয়

মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ও গাজী নজরুলের শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলায় গ্রেপ্তারের পর গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকসুদা বেগমকে কারাগারে পাঠানো হয়।

এদিকে, একই মামলায় গ্রেপ্তারের পর ২৩ সেপ্টেম্বর মরিয়ম খাতুনের মামা ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। রিমান্ডে গাজী নজরুল ইসলামের কাছ থেকে মামলার বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।