সারাবিশ্ব

হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজ: ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম

হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজ: ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির মুখ থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি গত বুধবার এক বিবৃতিতে এ দাবি করেছেন।

তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি ও এর আশপাশে নিয়মিত ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিত। তবে সম্প্রতি কৌশলগত এই বাণিজ্যিক জলপথে কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নেই।

মোহেব্বি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান হুমকিগুলো দৃশ্যমান পরাজয়কে বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা। দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতা ও সাংগঠনিক কাঠামো মার্কিন সামরিক বাহিনীর নেই বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটন পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যুক্তরাষ্ট্রের এমন দাবির পাল্টা বক্তব্য হিসেবে ইরানের পক্ষ থেকে এই মন্তব্য করা হলো।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালির এক পাশে ইরান এবং অপর পাশে ওমান অবস্থিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রও।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর হরমুজ থেকে অবরোধ তুলে নেয় ইরান। একই সময়ে ইরানের বন্দরগুলো থেকে প্রহরা সরিয়ে নেয় মার্কিন নৌবাহিনী।

তবে ১৩ জুলাই ইসলামাবাদ চুক্তি থেকে বের হয়ে যায় ইরান এবং হরমুজ প্রণালিতে আবারও অবরোধ জারি করে।

সূত্র: এএফপি, জিও নিউজ