অর্থনীতি

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় আগের দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। তবে চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটিই হতে যাচ্ছে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি।

এদিকে চলতি মাসে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো এই তেলের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছিল।