সারাদেশ
আশুলিয়ায় জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই পুলিশ ভ্যান উদ্ধার
সাভারের আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত আলোচিত পুলিশ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন গোপনে পড়ে থাকা ভ্যানটির সন্ধান পাওয়া যায় বৃহস্পতিবার সাভারের বাইপাইল ত্রিমোড় এলাকায় জমি উদ্ধারের অভিযান চালানোর সময়।
উদ্ধারের পর পোড়া ভ্যানটি আপাতত কবিরপুরের সরকারি ডাম্পিং এলাকায় রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাইপাইল ত্রিমোড় এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে জমি উদ্ধারের অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা পুলিশের অস্থায়ী ডাম্পিং স্টেশন খালি করার উদ্যোগ নেওয়া হলে আড়ালে পড়ে থাকা পোড়া ভ্যানটি সামনে আসে।
ভ্যানটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাইযোদ্ধা ও স্থানীয় সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তারা ভ্যানটিকে জুলাই গণঅভ্যুত্থানের নির্মমতার স্মারক হিসেবে সংরক্ষণের দাবি জানান।
স্থানীয় জুলাইযোদ্ধারা দাবি করেন, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলন চলাকালে কয়েকজনকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ একটি ভ্যানে তোলা হয়। পরে পুলিশের গাড়িতে নেওয়ার পর জীবিত একজনসহ ছয়জনকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তাদের দাবি, সেই ঘটনায় ব্যবহৃত ভ্যানটিই উদ্ধার করা হয়েছে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে ভ্যানটির সন্ধান করা হচ্ছিল। শহীদদের রক্ত ও আত্মত্যাগের সাক্ষী হিসেবে এটি ডাম্পিং এলাকায় ফেলে না রেখে জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা উচিত।
বিষয়টি নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা ভ্যানটি সংরক্ষণে আগ্রহ প্রকাশ করেছে।
পুলিশ ভ্যানটি বর্তমানে কবিরপুরের সরকারি ডাম্পিং এলাকায় রাখা হয়েছে। যথাযথ নির্দেশনা পাওয়া গেলে নির্ধারিত স্থানে এটি পাঠানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অন্যদিকে, উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা জেলার রিজার্ভ ফোর্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভ্যানটি অন্যত্র নিতে হলে আইন মন্ত্রণালয়ের আদেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এবং আদালতের নির্দেশনা প্রয়োজন। নির্দেশনা না পাওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, ৫ আগস্ট বিকেলে আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। পরে কয়েকজনকে একটি ভ্যানে তোলা হয়। তাদের মধ্যে একজন জীবিত ছিলেন বলে স্থানীয়দের দাবি। পরে ওই ভ্যানেই তাদের আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে।
দুই বছরেরও বেশি সময় পর ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে আলোচিত পোড়া পুলিশ ভ্যানটি উদ্ধার হওয়ায় আশুলিয়ায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।