সারাবিশ্ব

ফ্লাইদুবাইয়ের ভারতীয় সেই পাইলটকে ‘নায়ক’ বললেন ডোনাল্ড ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

ফ্লাইদুবাইয়ের ভারতীয় সেই পাইলটকে ‘নায়ক’ বললেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

সহ-পাইলটের হামলার পর বড় ধরনের দুর্ঘটনা থেকে বিমান ও যাত্রীদের রক্ষা করতে ভূমিকা রাখা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ঘটনায় এক যাত্রীর সাহসী ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফ্লাইদুবাইয়ের এই ঘটনা নিয়ে মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায়ও পাইলট যে কাণ্ডজ্ঞান ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন, তা বিস্ময়কর। তার ভাষায়, এক অর্থে ওই পাইলট একজন বীর।

ট্রাম্প জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায়ও স্মিত মাচ্ছার ককপিটের দরজা খুলে সাহায্যের সুযোগ তৈরি করেন। এ কারণেই তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, দুবাই থেকে তেল আবিবগামী ওই বিমান নিয়ন্ত্রণে আনতে এক যাত্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই যাত্রী পেশায় একজন প্লাম্বার এবং তার আগে বিমান ওড়ানোর কোনো অভিজ্ঞতা ছিল না বলে জানান ট্রাম্প।

ফ্লাইটটির পাইলট হিসেবে ভারতীয় নাগরিক স্মিত মাচ্ছারের পরিচয় নিশ্চিত হয়েছে। সহ-পাইলটের হামলার পর তিনি ককপিটের দরজা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। এরপর যাত্রী ও বিমানের অন্য ক্রুরা ককপিটে পৌঁছে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, ওই প্লাম্বার যাত্রী ককপিটে ঢুকে সহ-পাইলটকে আসন থেকে সরিয়ে দেন। পরে অন্য যাত্রীরা তাকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। বিমান চালনার কিছু মৌলিক বিষয় তিনি টেলিভিশনের বিমান দুর্ঘটনাবিষয়ক অনুষ্ঠান দেখে শিখেছিলেন বলেও ট্রাম্প দাবি করেন।

এরপর বিমানের পেছনের দিকে থাকা অতিরিক্ত পাইলট ও নিরাপত্তাকর্মীরা ককপিটে পৌঁছে বিমানের নিয়ন্ত্রণ নেন। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। আহত পাইলট স্মিত মাচ্ছারকে হাসপাতালে নেওয়া হয়।

তবে নিজের বক্তব্যের একটি সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ঘটনাটির এসব তথ্য তিনি বেনিয়ামিন নেতানিয়াহু ও আরও কয়েকটি প্রাথমিক সূত্রের কাছ থেকে শুনেছেন। তাই সব তথ্য তিনি নিজে স্বাধীনভাবে যাচাই করেননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ফ্লাইট এফজেড১০৭৩ দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে সহ-পাইলটের হামলার পর দ্রুত উচ্চতা হারায়। যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমানটি তাবুকে জরুরি অবতরণ করে। ঘটনার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং এ নিয়ে তদন্ত চলছে।