জাতীয়

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত

ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে দেরি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইট। ওই ফ্লাইটে থাকা ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহ করতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি দেরি হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমজমের পানি বহনকারী কনটেইনার নামানো এবং পরবর্তী পরিচালন প্রক্রিয়ায় গাফিলতির কারণে নির্ধারিত সময়ে ব্যাগেজ বেল্টে পানি পৌঁছানো সম্ভব হয়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

যাত্রীদের অপেক্ষার সময় কমাতে বিমানের সংরক্ষিত জমজমের পানি দিয়ে তাৎক্ষণিকভাবে বিতরণ শুরু করা হয়। পরে আরেকটি কনটেইনারের অবস্থান শনাক্ত হলে সেটির পানিও যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

এদিকে, জমজমের পানি পেতে দেরি হওয়ায় ওই ফ্লাইটে থাকা কয়েকজন সংসদ সদস্য এর আগে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তারা জানান, ঢাকায় অবতরণের পর তিন ঘণ্টা পার হলেও তাদের নামে ট্যাগ লাগানো জমজমের পানি হাতে পাননি।