জাতীয়
এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগের আগে প্রায় ১৫ মিনিট সংসদ ভবনে অবস্থান করেন মিষ্টি। এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্পিকার তাকে ডেকেছিলেন, এ জন্য দেখা করতে এসেছেন।
সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল দেখা গেলেও বের হওয়ার সময় তার হাতে কোনো ফাইল ছিল না।
এর আগে সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুরের ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।