জাতীয়
‘প্রধানমন্ত্রীর নির্দেশে সেই স্কুলশিক্ষককে সসম্মানে নিরাপদে বাসায় পৌঁছে দেয় পুলিশ’
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্যের অভিযোগে আটক স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে মাহদী আমিন জানান, শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে ওই শিক্ষকের কথিত কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ শিক্ষক গোলাম কিবরিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
মাহদী আমিন বলেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মনে করেন মতের ভিন্নতা থাকতেই পারে। প্রত্যেক মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত রয়েছে। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান গণতন্ত্রের শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতির মাধ্যমে সমাজকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন বলেও জানান মাহদী আমিন।
গোলাম কিবরিয়া দৌলতপুরের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, দশম শ্রেণির ক্লাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেন। তবে জিজ্ঞাসাবাদে শিক্ষক ওই অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।