জাতীয়
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ তথ্য জানান।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার পরই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে।
তিনি আরও জানান, পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।
পদত্যাগের কারণ উল্লেখ করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগের সময় পদত্যাগপত্রে কারণ উল্লেখ করেন না।