সারাদেশ
চুয়াডাঙ্গায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান ওই নেতা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু ছিদ্দিককে গ্রেফতারের জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের ওপর হামলা চালিয়ে পরিবারের সদস্যরা তাকে ছিনিয়ে নেন।
পুলিশের দাবি, হামলায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনার পর হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান আবু ছিদ্দিক।
এ ঘটনায় লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।