সারাদেশ

বিএনপি নেতার ছেলেকে ‘ইমাম’ সাজিয়ে সরকারি ভাতা আবেদনের অভিযোগ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

বিএনপি নেতার ছেলেকে ‘ইমাম’ সাজিয়ে সরকারি ভাতা আবেদনের অভিযোগ
ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে মসজিদের প্রকৃত ইমাম ও মুয়াজ্জিনকে বাদ দিয়ে বিএনপি নেতার ছেলেসহ অন্য দুজনের নামে সরকারি সম্মানী ভাতার আবেদন করার অভিযোগ উঠেছে। উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ হাজি বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।

অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে মসজিদটিতে ইমামতির দায়িত্ব পালন করছেন মাওলানা মো. ইউছুফ। অন্যদিকে, মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন সুলাইমান মৌলভি। তবে সরকারি ভাতার আবেদনে তাদের নাম অন্তর্ভুক্ত না করে পক্ষিয়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নানের ছেলে আকবর হোসেনকে ইমাম এবং আহছান উল্লাহকে মুয়াজ্জিন হিসেবে দেখানো হয়েছে।

স্থানীয় মুসল্লিদের ভাষ্য, মাওলানা মো. ইউছুফ নিয়মিত নামাজ পড়ান এবং সুলাইমান মৌলভি আজান দেন। তাদের পেছনেই নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। অথচ সরকারি সম্মানী ভাতার আবেদনে তাদের নাম রাখা হয়নি।

মসজিদের সেক্রেটারি আবুল কাশেম বলেন, প্রকৃত ইমাম ও মুয়াজ্জিনের নাম বাদ দিয়ে অন্যদের নাম আবেদনে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা হান্নান দাবি করেন, তিনি মসজিদের সভাপতি। মুসল্লিদের সঙ্গে পরামর্শ করেই নতুন ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে। সাংবাদিকদের কাছে যারা অভিযোগ করেছেন, তারা ভুয়া বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান পক্ষিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

এদিকে, সরকারি উদ্যোগে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম শুরুর পর এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়িত্ব পালনকারী ইমাম ও মুয়াজ্জিনের নামে সরকারি সম্মানী ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মণের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।