জাতীয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল
ছবি: সংগৃহীত

দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নরসিংদীর শিবপুরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। এর উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের প্রায় ৩৬ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে নরসিংদীতে একাধিকবার মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। চলতি বছরের ১৭ আগস্ট জেলায় ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল শিবপুর।

এর আগে ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে নরসিংদীতে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। জেলার মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়।

একই এলাকায় বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বৃহস্পতিবারের ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি ছিল তুলনামূলকভাবে মৃদু।