রাজধানী

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রো স্টেশনে তরুণরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রো স্টেশনে তরুণরা
ছবি: সংগৃহীত

অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হয়রানির অভিযোগের প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠেছেন কয়েকজন তরুণ।

বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। সকাল সাতটার দিকে হাফপ্যান্ট পরে স্টেশনে উপস্থিত হন বেসরকারি চাকরিজীবী ও দৌড়বিদ সাগর মজুমদার, বেসরকারি চাকরিজীবী রকিবুল ইসলাম এবং ব্যবসায়ী মাহফুজুর রহমান। পরে সাগর ও মাহফুজুর হাফপ্যান্ট পরে মেট্রোরেলে ওঠেন।

একই সময়ে স্টেশনের অন্য একটি প্রবেশপথ দিয়ে আরও দুজন তরুণ হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠেছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সাগর মজুমদার বলেন, তারা দৌড়বিদ এবং দৌড়ানোর সময় হাফপ্যান্ট পরলে বেশি আরাম পান। দেশ বিদেশে পরিচিত অ্যাথলেট সাজ্জাদ হোসেন হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে সম্প্রতি হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে যেন আর কাউকে এমন পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্যই তারা প্রতিবাদে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, একজন দৌড়বিদ হিসেবে তিনিও মেট্রোরেলসহ বিভিন্ন জায়গায় একই ধরনের হয়রানির শিকার হতে পারেন। তাই এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তার মতে, হাফপ্যান্ট নিজে কোনো সমস্যা নয়, বরং বিষয়টিকে কীভাবে দেখা হচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ।

ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, মেট্রোরেলে হাফপ্যান্ট পরে চলাচলের অধিকার থাকা উচিত। এটি একটি স্বাভাবিক পোশাক। সাধারণত তিনি মেট্রোরেলে চলাচল করেন না এবং হাফপ্যান্টও পরেন না। তবে অধিকার নিয়ে প্রতিবাদ জানাতেই প্রায় পাঁচ বছর পর হাফপ্যান্ট পরে সেখানে এসেছেন।

সকাল সাতটার পর সাগর ও মাহফুজুর ফার্মগেট স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন। তারা বিজয় সরণি স্টেশনের টিকিট কাটেন এবং ফার্মগেট থেকে বিজয় সরণি গিয়ে নেমে যান। রকিবুল তাদের সঙ্গে মেট্রোরেলে ওঠেননি।

অন্যদিকে, ফার্মগেট স্টেশনের আরেকটি প্রবেশপথ দিয়ে হাফপ্যান্ট পরে ওঠা দুই তরুণ মতিঝিলের টিকিট কেটেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর সকালে শরীরচর্চা শেষে টি শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেন অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন। তার অভিযোগ, ফার্মগেট মেট্রো স্টেশনে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তার পোশাককে ‘অশালীন’ বলে টিকিট পাঞ্চ করার মেশিনের সামনে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন।

তবে মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পোশাকবিধি নেই বলে জানানো হয়েছে। সাজ্জাদকে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ফার্মগেট স্টেশনে ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে’ কর্মসূচির আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কর্মসূচির আহ্বানে বলা হয়, এটি কোনো বিশৃঙ্খলা তৈরির আয়োজন নয়। হয়রানির প্রতিবাদ, স্পষ্ট নিয়মের দাবি এবং যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণের পক্ষে এটি একটি শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদ। আয়োজকদের বক্তব্য, কোনো পোশাক নিষিদ্ধ হলে তার স্পষ্ট ও লিখিত নিয়ম থাকা উচিত।