রাজধানী

মিরপুরে উচ্ছেদ অভিযানে মসজিদে আগুন, ক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

মিরপুরে উচ্ছেদ অভিযানে মসজিদে আগুন, ক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের হোপ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

হকারদের দাবি, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে সেখানে যান। এ সময় হোপ মার্কেটের সামনের ফুটপাতের একটি দোকান উচ্ছেদ করতে গেলে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হকারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে কয়েকশ হকার সেখানে হামলা ও ভাঙচুর চালান। সিটি করপোরেশনের দুটি গাড়ি ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হোপ মার্কেটের বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের একটি জায়গাতেও আগুন জ্বলতে দেখা যায়। সেখানে বিভিন্ন মালামাল রাখা ছিল বলে জানান হকাররা।

ঘটনাস্থলে পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সকাল পৌনে ১১টার দিকে কয়েকজন আনসার সদস্য হোপ মার্কেটের দিক থেকে মিরপুর ১৩ নম্বরের দিকে যাওয়ার সময় ২০ থেকে ৩০ জন ব্যক্তি তাদের লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল ছুড়ে মারেন।

পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এদিকে ঘটনাস্থলে ছবি ও ভিডিও ধারণে বাধা দেন হকাররা। গণমাধ্যমকর্মীদেরও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে পোড়া গাড়ির ছবি তুলতে গেলে সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপর হামলা করা হয় বলে জানা গেছে।

ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।