সারাবিশ্ব
স্বামীর সঙ্গে ঘোরাঘুরি, প্রতিশোধ নিতে ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন ভারতের এক তরুণী। স্বামীর সঙ্গে ওই তরুণীর ঘোরাঘুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে লোক ভাড়া করে তাকে দলবদ্ধ ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে বন্ধুর স্ত্রীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত মাসে ভারতের কেরালার ত্রিসুরে ঘটে। ওই তরুণী তার বিবাহিত পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে একটি হোটেলে অবস্থান করছিলেন। সেখানে পুলিশের পরিচয় দিয়ে পাঁচ ব্যক্তি প্রবেশ করেন। পরে তারা দুজনকে বেঁধে একটি গাড়িতে তুলে নিয়ে যান।
গাড়িতে ওই ব্যক্তিকে ব্যাপক মারধর করা হয়। এতে তার হাত ও পা ভেঙে যায়। পরে তাকে তামিলনাড়ুর একটি হাসপাতালের বাইরে ফেলে রেখে যাওয়া হয়।
অন্যদিকে, ওই তরুণীকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
তদন্তে পুলিশ জানতে পারে, স্বামীর মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন স্ত্রী। পরে সেই তথ্য ভাড়াটে ব্যক্তিদের দিয়ে স্বামী ও তার সঙ্গে থাকা তরুণীর ওপর হামলার পরিকল্পনা বাস্তবায়ন করেন তিনি। মূলত ক্ষোভ ও প্রতিশোধের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় জড়িত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ওই ব্যক্তির স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।