সারাদেশ
টাঙ্গাইলে রাতের আঁধারে মন্দিরে হামলা, ভাঙচুর করা হলো ৪ প্রতিমা
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে একটি মন্দিরে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে ওই মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়। এরপর মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজসহ মির্জাপুর থানা পুলিশের সদস্যরা।
সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।