জাতীয়
জানুয়ারিতে শুরু, জুনের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে গাইবান্ধা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। ধাপে ধাপে এসব নির্বাচন জুন মাসের মধ্যে সম্পন্ন করা হবে। নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার হিসেবে অবাধ, সুষ্ঠু ও দলনিরপেক্ষ নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে-আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। এ ক্ষেত্রে প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের দায় সরকার বা প্রধানমন্ত্রী নিতে চান না। তাই আগামী দিনগুলোতে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গাইবান্ধা সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সার্বিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন তিনি।