আইন আদালত

মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনকে ৬ মাসের জামিন, স্থগিত চেয়ে আবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মহিনকে ৬ মাসের জামিন, স্থগিত চেয়ে আবেদন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ জামিন আদেশ দেন।

তবে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জাগো নিউজকে জানান, জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদ ওরফে সোহাগকে একদল ব্যক্তি পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। প্রকাশ্য সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পরদিন ১০ জুলাই নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

মামলাটির তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নেয় পুলিশ। পরে গত ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

এদিকে মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনের হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পাওয়ার খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।