সারাদেশ

কুমিল্লায় ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং লিডার রতনের ফোনালাপ ফাঁস


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম

কুমিল্লায় ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং লিডার রতনের ফোনালাপ ফাঁস
ছবি: সংগৃহীত

কুমিল্লায় মিছিলে কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের অংশগ্রহণ নিয়ে বিতর্কের মধ্যেই মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের সঙ্গে তার ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ফোনালাপের ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, লাউডস্পিকারে ছাত্রদল নেতা মহসিনের সঙ্গে কথা বলছেন রতন। এ সময় অন্য এক তরুণকে দিয়ে পুরো কথোপকথন ভিডিও করান তিনি। মিছিলে রতনের অংশগ্রহণ এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে দুজনকে কথা বলতে শোনা যায়।

এর আগে সংবাদ প্রকাশের পর সংবাদ সম্মেলনে মহসিন দাবি করেছিলেন, রতনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় নেই। মিছিলে রতন কীভাবে তার পেছনে এসে দাঁড়িয়েছেন, সেটিও তিনি জানেন না বলে জানিয়েছিলেন।

তবে ফাঁস হওয়া ফোনালাপে দুজনের কথোপকথন সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

ফোনালাপে রতনকে বলতে শোনা যায়, মিছিলে অংশ নেওয়া নিয়ে মহসিন কী বলেছেন, তা জানতে চান তিনি। জবাবে মহসিন বলেন, তিনি রতনের জন্য মিছিলে যাননি। বরং নিজেদের কর্মসূচিতে অংশ নিয়েছেন। সাংবাদিকেরা রতনের ভিডিও দেখিয়ে তাকে কিশোর গ্যাং, অস্ত্রধারী ও হত্যা মামলার আসামির সঙ্গে মিছিলে থাকার বিষয়ে প্রশ্ন করেছেন বলেও জানান মহসিন।

কথোপকথনে রতন একাধিকবার ‘রুবেল ভাইয়ের কর্মসূচির’ কথা উল্লেখ করেন। তিনি জানান, রুবেল ভাইয়ের ডাকেই ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রুবেল হলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম ওরফে রুবেল। এ বিষয়ে তিনি বলেন, বড় কর্মসূচিতে অনেককেই আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে রতন কার সঙ্গে বা কীভাবে সেখানে এসেছিলেন, সে বিষয়ে তার কোনো দায় বা ধারণা নেই।

অন্যদিকে, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন দাবি করেছেন, তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফোনালাপটি রেকর্ড করে ফাঁস করা হয়েছে। এটি পরিকল্পিত ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ফোনালাপটি তাদের নজরে এসেছে। বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ফোনালাপ পুলিশের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির মিছিলে ‘আর স্কোয়াড’ বা ‘রতন গ্রুপের’ প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে ছাত্রদল নেতা মহসিনের ঠিক পেছনে হাঁটতে দেখা যায়। ২৫ সেপ্টেম্বর ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পুলিশ রতনকে খুঁজছে।