রাজনীতি

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মেজর (অব.) আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর ও বিমানবন্দর থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও অশালীন মন্তব্য করার কথা উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান ওই কর্মকর্তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের ট্রলিতে থাকা পবিত্র জমজমের পানির বোতল ছুড়ে ফেলে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে মামলার এজাহারে।

বাদীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের ফলে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। একই সঙ্গে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত করা হবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামানের রাজনৈতিক জীবনেও একাধিকবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের ঘটনা রয়েছে। তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার সময় বিভিন্ন পর্যায়ে মোট পাঁচবার বহিষ্কৃত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।