রাজনীতি
সংসদ সদস্যের পর দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্যের পদ ছাড়ার পর বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। একই দিন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দল থেকেও পদত্যাগের নির্দেশ পাওয়ার পর যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন তিনি।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পর তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর তার বিরুদ্ধে দলীয় পর্যায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
এদিকে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
তবে বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি বিএনপি। দলটির একাধিক সূত্রের দাবি, মিরপুরের মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এসব সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।