অর্থনীতি

বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে ৬ টাকা প্রণোদনা, প্রত্যাহার ২% চার্জ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে ৬ টাকা প্রণোদনা, প্রত্যাহার ২% চার্জ
ছবি: সংগৃহীত

ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারে আরও উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলা কিউআরের মাধ্যমে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহককে ৬ টাকা প্রণোদনা দেওয়ার পাশাপাশি আগে আরোপিত ২ শতাংশ চার্জ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে প্রায় ১৫০ কোটি টাকার লেনদেন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলা কিউআর বাধ্যতামূলকভাবে চালুর পর গত তিন মাসে এ ব্যবস্থায় লেনদেনকারীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। একই সময়ে লেনদেনের পরিমাণও বেড়েছে প্রায় পাঁচ গুণ। ফলে দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করার জন্য বাংলা কিউআর ব্যবহারে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের মতো দৈনন্দিন গুরুত্বপূর্ণ সেবায় নগদ অর্থের পরিবর্তে কিউআরভিত্তিক লেনদেন বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরিফ হোসেন খান আরও জানান, ২০২৮ সালের মধ্যে দেশের মোট অর্থনৈতিক লেনদেনের অর্ধেক ক্যাশলেস বা নগদবিহীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে উৎসাহিত করা হচ্ছে।

এদিকে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতেও নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হওয়া সন্দেহজনক লেনদেন শনাক্ত ও পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা বা অবৈধ লেনদেনের সুযোগ নেই বলেও দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার বিস্তারের মাধ্যমে ধীরে ধীরে নগদনির্ভর অর্থনীতি থেকে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।