অর্থনীতি

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:০৮ পিএম

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চীন ও ভারত থেকে আমদানি করা ৫৩ হাজার ৬০০ টন ডিজেলবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এতে করে কয়েকদিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে দৈনিক গড়ে প্রায় ১২ হাজার ৫০০ টন ডিজেলের চাহিদা রয়েছে। সেই হিসেবে সদ্য আমদানি করা এই জ্বালানি দিয়ে প্রায় চার দিনের চাহিদা পূরণ করা যাবে।

জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানায়, শুক্রবার (১ মে) বিকেলে লাইবেরিয়ার পতাকাবাহী ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এরপর শনিবার ভোরে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ‘প্রাইভেট সোলানা’ কুতুবদিয়া এঙ্করেজে আসে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ডলফিন জেটি ও বহির্নোঙর মিলিয়ে বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী সাতটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং পদ্ধতিতে তেল খালাস করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে। আর মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।