শিক্ষা

স্ট্রোক করে পড়ার টেবিলে চবি শিক্ষার্থীর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

স্ট্রোক করে পড়ার টেবিলে চবি শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে অসুস্থ হয়ে পড়েন জীবক চাকমা (২০), যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তাকে মেডিকেল সেন্টারে আনা হয় এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে হাসপাতালে পাঠানো হয়।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্বেষ চাকমা জানান, অসুস্থ হওয়ার পরপরই তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হোসেন বলেন, জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকার বাসিন্দা রবিলেন্দু চাকমার ছেলে।