শিক্ষা
এসএসসির ফল প্রকাশের নতুন সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সংস্থাটি বলছে, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষ করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকারের নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ করা হবে।
বুধবার (২২ জুলাই) এ তথ্য জানান কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও ট্যাবুলেশন, যাচাই-বাছাইসহ কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েকদিন সময় প্রয়োজন।
জানা গেছে, কারিগরি প্রস্তুতির অংশ হিসেবে নম্বর প্রক্রিয়াকরণ, তথ্য যাচাই এবং ফলাফল চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব কার্যক্রম শেষ হলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
এর আগে ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুতি শেষ করা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে কয়েকদিনের বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।