শিক্ষা
শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পুনঃপরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী
গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, শুধুমাত্র সেই শিক্ষার্থীরাই পুনঃপরীক্ষার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক বক্তব্যে তিনি জানান, ওইদিন পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে যেসব পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, তারা নিবন্ধনের মাধ্যমে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে যারা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য পুনরায় পরীক্ষায় বসার কোনো সুযোগ থাকবে না।
পরীক্ষা খারাপ হওয়ায় কেউ নতুন করে পরীক্ষা দিতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলেন, এটি সম্ভব নয়। তিনি বলেন, যারা পরীক্ষা দিয়েছে তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে যদি কোনো ভুল থেকে থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নম্বর প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই দেশে চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া বাকি ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়।
পরদিন ১৪ জুলাই সারা দেশে পরীক্ষার্থীরা আন্দোলনে নামেন। তাদের দাবির মুখে ১৩ জুলাই অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।