শিক্ষা
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, একসঙ্গে মিলবে অবসর ও কল্যাণের টাকা
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ একসঙ্গে পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের ব্যাংক হিসাবে একযোগে অর্থ পাঠানো হবে।
শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া অবসর ও কল্যাণ সুবিধা পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বিপুল বকেয়ার জট নিরসনে সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় দেশের ৬৪ জেলায় একযোগে ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হবে।
এতে দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা বড় ধরনের আর্থিক স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।