বিনোদন
কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা
ভারতজুড়ে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এক ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভিডিওতে তিনি তরুণ প্রজন্মকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের অবমূল্যায়ন করার জন্য প্রকাশ্যে ক্ষমা চান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই এই ভিডিওটি প্রকাশ করেন সোনাক্ষী। সেখানে তাকে বেশ উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত দেখা যায়।
ভিডিওবার্তায় সোনাক্ষী বলেন, তরুণরা যা করে দেখিয়েছে তা অবিশ্বাস্য। তিনি স্বীকার করেন, আগে তিনি জেন-জি প্রজন্মকে গুরুত্ব দেননি এবং তাদের সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে তারা নিজেদের শক্তি প্রমাণ করেছে।
নিজের সেই ভুলের জন্য অনুশোচনা জানিয়ে ক্যামেরার সামনে কান ধরে উঠবস করেন এই অভিনেত্রী। পরে মাথার টুপি খুলে তরুণদের প্রতি সম্মান জানিয়ে বলেন, তাদের এই সাফল্য সত্যিই প্রশংসনীয় এবং তিনি নিজেও এখন এই প্রজন্মের অংশ হতে চান।
প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন সোনাক্ষী সিনহা। তিনি জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকের অনশন কর্মসূচির সমর্থন জানানোর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নেরও সমালোচনা করেন। ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে তিনি তরুণদের একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন।
এদিকে সোনাক্ষীর এই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার পাশাপাশি শাবানা আজমি, প্রিয়াঙ্কা চোপড়া, বিজয় বর্মা, টুইঙ্কেল খান্না, দিয়া মির্জা, বীর দাস ও ঈশান খট্টরের মতো বলিউডের আরও অনেক তারকাও শিক্ষার্থীদের এই সাফল্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।