বিনোদন
ওমরাহ পালন করতে সৌদি গেলেন চিত্রনায়ক জায়েদ খান
জুলাই-আগস্ট আন্দোলনের আগের সময় থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ফেরার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি তিনি।
দীর্ঘ সময় ধরেই আমেরিকায় বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। এরইমধ্যে ভক্তদের জন্য নতুন খবর দিয়েছেন জায়েদ খান। প্রথমবারের মতো ওমরাহ পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গেছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) তিনি ১০ দিনের সফরে রওনা দেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জায়েদ।
জায়েদ খান বলেন, “আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং রোজা রাখি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল ওমরাহ পালন করার। অবশেষে আমার সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।”
দেশের বাইরে থাকা অবস্থায় বর্তমানে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। তারকা-অনুষ্ঠান নিয়ে সাজানো এই প্রোগ্রামটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।