বিনোদন
রাফসানের বিয়ের দিনে আলোচনায় সাবেক স্ত্রী সানিয়ার পোস্ট
জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কৌতূহল গিয়ে পড়ে রাফসানের সাবেক স্ত্রী চিকিৎসক সানিয়া এশার দিকে—তিনি এখন কোথায়, কী করছেন?
প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে রাফসান সাবাব ও সানিয়া এশার বিয়ে হয়। তবে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে প্রায় দুই বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে।
এদিকে সানিয়া এশার ফেসবুক প্রোফাইল ও সাম্প্রতিক পোস্ট থেকে জানা যায়, ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন তিনি। কসমেটিক ও এসথেটিক মেডিসিনে নিজেকে প্রতিষ্ঠিত করে বর্তমানে তিনি বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল কর্মজীবন শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এসথেটিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে নতুন অধ্যায়ে পা রাখেন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেন সানিয়া এশা।
পোস্টে তিনি লেখেন, গভীর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি। এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাজ করার পর এই অর্জনের মাধ্যমে আমার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো।
তিনি আরও জানান, নতুন এই দায়িত্ব তার জন্য বাড়তি দায়িত্ববোধ, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ নিয়ে এসেছে। পুরো পথচলায় ম্যানেজমেন্ট ও শিক্ষকদের আস্থা ও উৎসাহের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টের শেষে রোগীদের আন্তরিকভাবে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সানিয়া এশা সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।