বিনোদন
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে হৃদয়বিদারক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিয়া আয়মান লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার পাশাপাশি দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি দাবি করেন, দেশে এমন অনেক মানুষ রয়েছে, যারা ভালো কিছু জীবনে দেখেনি এবং দেখলেও তা গ্রহণ করতে পারে না।
পোস্টের শেষাংশে ঘটনাটিকে চরম লজ্জার ও ধিক্কারজনক বলে মন্তব্য করেন সাদিয়া। পাশাপাশি পোস্টের মন্তব্যের ঘরেও সমালোচকদের উদ্দেশে কঠোর প্রতিক্রিয়া জানান তিনি।
সাদিয়ার দাবি, যাদের উদ্দেশ্যে পোস্টটি করা হয়েছিল, তাদের মধ্য থেকেই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন। এসব মন্তব্য ভবিষ্যতে তাদের পরিবারের সদস্যদের কাছেও দৃশ্যমান থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সাদিয়া আয়মানের পোস্ট ও মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।