বিনোদন
‘আমি বুড়ি নই, আমি পরিণত’ বয়স নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গিকে ধুয়ে দিলেন অপরাজিতা
বয়স বাড়লেই নারীদের নিয়ে সমাজের নানা মন্তব্য ও কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বলেন, বয়স কোনো অপরাধ নয়; বরং এটি অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও পরিপূর্ণতার প্রতীক।
অপরাজিতা লেখেন, চল্লিশ পেরোলেই অনেকেই বলেন, ‘বুড়ি হয়ে গেছো।’ এর জবাবে তিনি প্রশ্ন তোলেন, বয়স কি ফ্রিজে তুলে রাখা যায়? চুলে সাদা রং বা মুখে কয়েকটি ভাঁজ পড়লেই একজন নারী পুরোনো হয়ে যান না। বরং বয়স বাড়লেও সংসারের দায়িত্ব, সন্তানের প্রতি মায়ের চিন্তা কিংবা জীবনের বাস্তবতা কোনোভাবেই কমে না।
তিনি আরও বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে না সংসারের খরচ, ইএমআই কিংবা প্রতিদিনের দায়িত্ব। শুধু বাড়ে মানুষের অবাঞ্ছিত উপদেশ। তার ভাষায়, তিনি আগের সেই মানুষই আছেন, শুধু অভিজ্ঞতা বেড়েছে, হাসি আরও গভীর হয়েছে, কান্না আরও নীরব হয়েছে এবং নিজের প্রতি ভালোবাসা আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘কুড়িতে ছিলাম কুঁড়ি, তিরিশে হয়েছি নদী, চল্লিশে এসে বুঝেছি আমি আসলে সমুদ্র।’ তার মতে, একজন নারীর বয়স নয়, তার আত্মবিশ্বাস ও নিজের মতো বাঁচার সাহসই তাকে পরিপূর্ণ করে তোলে।
পোস্টের শেষে সমাজের প্রতি বার্তা দিয়ে অপরাজিতা বলেন, ‘আমি বুড়ি নই, আমি পরিণত। আমি শেষ নই, আমি পূর্ণ।’ তিনি আরও যোগ করেন, লাল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে হাসিমুখে ছবি তোলা বার্ধক্যের নয়, বরং জীবনকে উদযাপনেরই প্রকাশ। তার ভাষায়, ‘নারী বুড়ো হয় না, নারী শুধু প্রতি বছর আরও একটু গল্প হয়ে ওঠে।’