পরিবেশ-জলবায়ু
দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা সাত অঞ্চলে, ১ নম্বর সতর্ক সংকেত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল উল্লেখযোগ্য।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নদী ও সমুদ্র বন্দরের নিকটবর্তী এলাকাগুলোতে সতর্কতা অবলম্বন করা জরুরি। নিরাপত্তার স্বার্থে ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।