পরিবেশ-জলবায়ু
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সবশেষ সারা দেশের জন্য দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।