পরিবেশ-জলবায়ু

ঢাকায় আজ দুপুরে হতে পারে বজ্রবৃষ্টি: আবহাওয়া অফিস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ এএম

ঢাকায় আজ দুপুরে হতে পারে বজ্রবৃষ্টি: আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ দুপুরে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এদিকে, সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।