পরিবেশ-জলবায়ু
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানান অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।
তিনি জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে সাগরে দমকা হাওয়া বইতে শুরু করেছে, উপকূলজুড়ে সৃষ্টি হয়েছে উত্তাল পরিস্থিতি।
সতর্কবার্তায় জানানো হয়, নিম্নচাপটির কেন্দ্র বুধবার বিকেলে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৮০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে বেড়ে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।