পরিবেশ-জলবায়ু
আজ রাতেই আঘাত হানতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতেই ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলের খুব কাছাকাছি রয়েছে। কলকাতা শহর থেকেও ঘূর্ণিঝড়ের অবস্থান প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
আমেরিকার নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বরাতে তিনি জানান, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় পৌঁছাতে পারে ৮৩ কিলোমিটার পর্যন্ত।
এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো ঘূর্ণিঝড় শক্তিকে ‘গভীর নিম্নচাপ’ হিসেবেই চিহ্নিত করছে। তবে আজ রাতের মধ্যেই এটি অন্ধ্র প্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে দেশে আবহাওয়া কিছুটা বিরূপ হতে পারে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সাধারণত পূর্ণমাত্রার ঘূর্ণিঝড় তৈরি হয় না। তাই বর্ষাকাল চলাকালীন এমন ঘূর্ণিঝড়ের সৃষ্টি একেবারেই ব্যতিক্রমী ঘটনা।