পরিবেশ-জলবায়ু

সাগরে গভীর নিম্নচাপ, রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ এএম

সাগরে গভীর নিম্নচাপ, রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ শুক্রবার সকাল থেকেই ছিল ঘন মেঘে ঢাকা। সূর্য ওঠার আগেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আর তাতেই নগরজীবনে ভোরবেলার ছন্দপতন। শুধু রাজধানী নয়, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের প্রায় সব জেলাতেই বিরাজ করছে এমন আবহাওয়া।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে, যার কারণে আজ (৩ অক্টোবর) থেকে অন্তত আরও তিন থেকে চার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার—এই ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দিনভর থেমে থেমে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদেশেই। কোথাও কোথাও হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত।

শুক্রবার হওয়ায় রাজধানীতে যানবাহন তুলনামূলক কম থাকলেও, ভিজে রাস্তায় ভোগান্তি এড়াতে পারেননি অনেকেই। কেউ কেউ রিকশা না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে ছুটেছেন, কেউ আবার অভিযোগ করেছেন গণপরিবহন সংকট নিয়ে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় নদী ও সমুদ্রবন্দরগুলোতেও ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।