পরিবেশ-জলবায়ু

তিন জেলার নদীবন্দরে সতর্কসংকেত জারি, ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ এএম

তিন জেলার নদীবন্দরে সতর্কসংকেত জারি, ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের তিন জেলার নদীবন্দরে এক নম্বর সতর্কসংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, “সকালের মধ্যে রাজশাহী, পাবনা ও বগুড়ার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ওই এলাকার সব নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।”

আবহাওয়া অধিদফতরের অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বুধবার দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে কমে আসছে। এর ফলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে এবং মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের নৌযান ও নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে নদীতে না নামার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদফতর।