পরিবেশ-জলবায়ু

ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম

ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। এর আগে বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, বুধবার রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু এখনও বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় অক্টোবরের শুরুর দিকেও স্থানীয়ভাবে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।