পরিবেশ-জলবায়ু

ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’, তাপমাত্রা নামবে ৬ ডিগ্রিতে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’, তাপমাত্রা নামবে ৬ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

দেশজুড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’, যার প্রভাবে তাপমাত্রা নেমে যেতে পারে সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াসে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক বিশেষ পূর্বাভাসে জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে কিছু এলাকায় এটি ৩১ ডিসেম্বরের পর থেকে আরও জোরালোভাবে অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগে শৈত্যপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলেও তীব্র শীত অনুভূত হতে পারে।

অন্যদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলকভাবে কম থাকতে পারে। উপকূলীয় অঞ্চল, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান এলাকায় শীত থাকলেও সেখানে শৈত্যপ্রবাহ খুব শক্তিশালী হবে না বলে ধারণা করা হচ্ছে।

বিডব্লিউওটির তথ্যমতে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ীসহ আশপাশের এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এসব অঞ্চলে দেশের অন্যান্য এলাকার তুলনায় শৈত্যপ্রবাহের প্রভাব আগেভাগেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।