পরিবেশ-জলবায়ু
দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর পুনঃসতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টিপাত হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, বৃষ্টিপাত বাড়ায় দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে সাম্প্রতিক ভ্যাপসা গরম থেকে জনজীবনে স্বস্তি ফিরতে পারে।