সারাবিশ্ব
হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে চায়না ডেইলি।
ওয়াং ফুক কোর্টের কয়েকটি আবাসিক টাওয়ারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরের দিকে থাকা বাঁশের ভারা আগুন ছড়িয়ে পড়াকে আরও ত্বরান্বিত করেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের পর ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দমকল বিভাগের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত মোট সাতজনকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন, একজনের অবস্থা স্থিতিশীল।
ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত বিশাল একটি হাউজিং কমপ্লেক্স, যেখানে প্রায় দুই হাজার আবাসিক ইউনিট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস আশেপাশের বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে—ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরে না বের হওয়ার জন্য। ক্ষতিগ্রস্ত এলাকায় জনসাধারণকে প্রবেশ না করারও আহ্বান জানানো হয়েছে।