সারাবিশ্ব

বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৯ কোটি টাকার সোনা!


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম

বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৯ কোটি টাকার সোনা!
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর নুভিল সুর সোনেতে নিজের বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে এক ব্যক্তি পেয়ে গেলেন সোনার ভান্ডার! সুইমিং পুল তৈরির জন্য খননকাজের সময় হঠাৎ করেই তার হাতে আসে কোটি টাকার এই গুপ্তধন।

স্থানীয় গণমাধ্যম লে প্রোগ্রে ও হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ওই ফরাসি নাগরিক বাগানের মাটির নিচে প্লাস্টিকের ব্যাগে ভরে রাখা পাঁচটি সোনার বার এবং শতাধিক সোনার মুদ্রা আবিষ্কার করেন। এসব সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা।

সোনার ভান্ডার পেয়ে ওই ব্যক্তি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনাগুলো কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় এবং বৈধভাবে তৈরি হওয়ায় আইন অনুযায়ী তা ওই ব্যক্তিকে নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশি তদন্তে জানা গেছে, সোনাগুলো প্রায় ১৫ থেকে ২০ বছর আগে কাছাকাছি একটি রিফাইনারিতে বৈধভাবে গলানো হয়েছিল। তবে জমির আগের মালিক মারা যাওয়ায় এই বিপুল পরিমাণ সোনা কীভাবে তার বাগানের নিচে পোঁতা হয়েছিল, তা এখনও রহস্যই রয়ে গেছে।

ঘটনাটি প্রকাশের পর থেকেই ফরাসি গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা একে “অবিশ্বাস্য সৌভাগ্যের ঘটনা” হিসেবে দেখছেন।