রাজধানী
৪০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আবাসন প্রতিষ্ঠানে হামলা, ট্রাক এনে লুটপাট
রাজধানী ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে আফসানা হাউজিং নামে একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালিক সজীব ব্যাপারীর দাবি, ৪০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে এ হামলা চালানো হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. নাসির।
গত রোববার (৪ অক্টোবর) বেলা ১১টা ২৬ মিনিটে এ ঘটনা ঘটে। ওই সময় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এসে থামে একটি খালি ছোট ট্রাক। এর পরপরই প্রায় ৩০ জন যুবক কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ঘটনার সময় অফিসটি ফাঁকা ছিল।
কার্যালয়ের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, রামদা ও লাঠিসোঁটা নিয়ে একদল যুবক অফিসে প্রবেশ করে বিভিন্ন কক্ষের দরজা ভাঙচুর করছেন। পরে তারা ভেতরে থাকা সোফাসেট, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র বের করে বাইরে রাখা পণ্যবাহী গাড়িতে তোলেন। মালামাল নিয়ে পরে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. নাসির জানান, অফিসের কক্ষগুলোতে থাকা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের পাশাপাশি সেগুলোর বাইরের অংশও খুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া দামি সোফা, টেবিল, নগদ টাকা, টেলিভিশন ও গিজারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।
নাসিরের অভিযোগ, ৪০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ব্যবসা পরিচালনা করতে হলে ওই টাকা দিতে হবে বলে জানানো হয়। তবে তারা চাঁদা দিতে রাজি না হওয়ায় কার্যালয়ে হামলা চালিয়ে প্রায় এক কোটি টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে।
আফসানা হাউজিংয়ের মালিক সজীব ব্যাপারীও চাঁদার দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগ করেছেন। তার দাবি, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ভাড়া করে এ হামলা চালানো হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়।
সজীব ব্যাপারী বলেন, তিনি চাঁদা দিয়ে ব্যবসা করতে রাজি হননি। ঘটনার পর থেকে তিনি ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছেন। হামলার কারণে বর্তমানে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে।
ঘটনার পরদিন সজীব ব্যাপারী ১৬ জনের নাম উল্লেখ করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।
সূত্র: বিবিসি।