সারাবিশ্ব

খেলা শুরু হয়ে গেছে: মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

খেলা শুরু হয়ে গেছে: মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে ‘খেলা শুরু হয়ে গেছে’ মন্তব্য করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। দিল্লিতে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড স্থাপন এবং মেট্রো স্টেশন বন্ধ রাখার পদক্ষেপের সমালোচনা করেন প্রকাশ রাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘খেলা শুরু হয়ে গেছে।’ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?’

এ ছাড়া নিজের অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপের উল্লেখ করে তিনি বলেন, ‘চিটিং করতা হ্যায় তু’, যার অর্থ, ‘তুমি প্রতারণা করছ।’

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের এই বিক্ষোভকে কেন্দ্র করে প্রকাশ রাজের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন ও সামাজিক অঙ্গনের একাধিক পরিচিত ব্যক্তিও প্রতিবাদ জানিয়েছেন। তারা রাজপথে ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন এবং বিক্ষোভকারীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।