সারাবিশ্ব
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলের ৯৩টি হামলা, নিহত অন্তত ৭০ ফিলিস্তিনি
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনী অন্তত ৯৩টি বিমান ও কামান হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম অফিস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এসব হামলা মূলত ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে চালানো হয়। ভয়াবহ এই হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শুধু গাজা শহরেই নিহতের সংখ্যা ৪৭ জন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
গাজা সরকারের গণমাধ্যম অফিস এক বিবৃতিতে বলেছে, “এই নতুন হত্যাযজ্ঞ আমাদের জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যারই অংশ। এতে স্পষ্ট প্রমাণিত হয়, দখলদার ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তির আহ্বান উপেক্ষা করে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে হত্যা করছে এবং গাজার জনজীবন ধ্বংসের নীতিতে অটল রয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের এই অব্যাহত আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গাজা সরকার যুক্তরাষ্ট্রের প্রশাসনসহ বৈশ্বিক মহলকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, চলমান এই হামলাগুলো গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে। খাদ্য, পানি ও চিকিৎসা সেবার অভাবে লাখো ফিলিস্তিনি এখন জীবনের ঝুঁকিতে দিন কাটাচ্ছেন।
সূত্র: আল জাজিরা